হোম > বাণিজ্য

বিটিভির সম্প্রচার স্বত্ব কেনায় ভ্যাট প্রত্যাহারে সাবেক সচিবের নামে এসআরও জারি

অর্থনৈতিক রিপোর্টার

চলমান বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সম্প্রচারের জন্য ফিফা থেকে প্রচারস্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রচারস্বত্ব কেনায় ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার। ভ্যাট অব্যাহতি দিয়ে একটি এসআরও জারি করা হয়েছে।

গত ২ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব (আইআরডি) ও এনবিআর চেয়ারম্যান এ প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু এতে আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে আবদুর রহমান খানের। কিন্তু আবদুর রহমান খান গত ২৯ জুন সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার পর স্বাভাবিক অবসরে যান। ২৯ জুন রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় এনবিআরের সদস্য আহসান হাবীবকে ভারপ্রাপ্ত আইআরডি সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগদানের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন জারির পর আবদুর রহমান খানের আইআরডি সচিব বা এনবিআর চেয়ারম্যান পদে থাকার কোনো সুযোগ নেই। অথচ গত ২ জুলাই তার নামে ভ্যাট অব্যাহতির এসআরও জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) যা বাংলাদেশ গর্ভমেন্ট প্রেসের অতিরিক্ত সংখ্যা গেজেটে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীবকে ফোন করলেও কেউ সাড়া দেননি।

এদিকে, ভ্যাট অব্যাহতি পেতে বিটিভিকে চারটি শর্ত দিয়েছে আইআরডি।

শর্তগুলো হলো—

১. শুধু বিটিভি কর্তৃক ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য ব্যয়ের ক্ষেত্রে এই ভ্যাট অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে।

২. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব কেনার বিপরীতে পরিশোধযোগ্য অর্থের যাবতীয় হিসাব বিবরণী বিটিভিকে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কমিশনারেটকে অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে অবহিত করতে হবে।

৩. সাবলাইসেন্সি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না।

৪. ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর অল মিডিয়া রাইটস প্রচারস্বত্ব ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে গৃহীত অন্য কোনো সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে এই অব্যাহতি প্রযোজ্য হবে না। গত ২৩ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

জানা গেছে, সম্প্রচার স্বত্ব ক্রয়ে বিটিভির ব্যয় হচ্ছে ৭৩ কোটি টাকা।

বাজার মনিটরিংয়ে সমন্বয় ও নেতৃত্ব দক্ষতা বাড়ানোর তাগিদ বাণিজ্যসচিবের

রাজধানীতে মুরগির দাম বাড়তি, চালের দামেও অস্বস্তি

কর নথির অডিটের ভয় দেখিয়ে প্রতারণা, এনবিআরের সতর্কবার্তা

প্রধান আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি নিম্নমুখী

এইচএসবিসির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম

পুনঃতফসিল ঋণের বড় অংশই শিল্প খাতের

ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হাজার কোটি টাকা বেশি ঋণ সরকারের

আইপিও প্রক্রিয়া সহজ করা হবে: বিএসইসি চেয়ারম্যান

জুনে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১ শতাংশ