ইরানের উপর আমেরিকা-ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা চালায়। এর পরপরই জবাব দেওয়া শুরু করে ইরান। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুড়ছে পুরো মধ্যপ্রাচ্য। তবে মধ্যপ্রাচ্যে চলমান এ যুদ্ধ বৈশ্বিক জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতিও নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সোমবার (৯ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সিম্পোজিয়ামে এ আশঙ্কার কথা জানান আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যদি জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং তা বছরের অধিকাংশ সময় জুড়ে বজায় থাকে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে।
বর্তমান বিশ্ব পরিস্থিতিকে অনিশ্চিত উল্লেখ করে নীতিনির্ধারকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, এই পরিবর্তিত বৈশ্বিক পরিবেশে অপ্রত্যাশিত বিষয়গুলো নিয়েও ভাবা এবং সেভাবেই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত বৈশ্বিক অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আবারও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।