বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম আগের ১৯৯ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খান।
বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে সয়াবিন তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, এই মূল্য সমন্বয় আপাতত কেবল বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাম অয়েল বা অন্য কোনো ভোজ্য তেলের ক্ষেত্রে মূল্য পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাণিজ্য সচিব আরো বলেন, ভোজ্য তেল ব্যবসায়ী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দাম বাড়ানোর জন্য সরকারের সাথে আলোচনা করে আসছিল। ব্যবসায়ীদের দাবি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে একটি হিসাব তৈরি করে।
তিনি বলেন, ট্যারিফ কমিশনের মূল্যায়নে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং বিশেষ করে ইরান সংকটের কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া বা কস্টিং বৃদ্ধির বিষয়টি উঠে আসে। কমিশনের হিসাবে ১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রভাব বা সুপারিশ থাকলেও, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার মাত্র ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সচিব বলেন, ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে যাতে বাজারে তেলের সরবরাহ পরিপূর্ণভাবে অব্যাহত থাকে। আমদানিকারক ও ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন যে, আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা হবে এবং কোনো কৃত্রিম সংকট তৈরি হতে দেওয়া হবে না।