একীভূত ৫ ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ফলে ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছেন আমানতকারীরা। সোমবার সকাল থেকে এসব ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা তোলা শুরু হয়। গত ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত যেসব গ্রাহক টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের টাকা দেওয়া হচ্ছে।
৫ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি। ব্যাংক পাঁচটি একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
জানা গেছে, এই ৫ ব্যাংক থেকে টাকা তুলতে প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের টাকা ফেরত দিতে গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। এরপর সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।
রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগের বিভিন্ন শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে জমানো টাকা ফেরত নিতে অনেকে ব্যাংকে এসেছেন। সকাল থেকেই অনেক আমানতকারী স্বাভাবিকভাবে টাকা তুলতে পেরেছেন। দীর্ঘদিন পর জমানো টাকা তুলতে পারায় আমানতকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
নিজের জমা করা টাকা হাতে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে অচলাবস্থা কাটিয়ে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় খুশি গ্রাহকেরাও।
মতিঝিলে এক্সিম ব্যাংকের একটি শাখায় টাকা তুলতে আসা এক আমানতকারী বলেন, দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। এখন ব্যাংক থেকে টাকা তুলতে পারায় স্বস্তি ফিরে এসেছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বলেন, ‘আমানত উত্তোলনের জন্য এসে কোনো গ্রাহক ফেরত যাবেন না। যারা টাকা তুলতে আসবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে।’