হোম > বাণিজ্য > কর্পোরেট

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী গত ১৩ এপ্রিল ২০২৬ সোমবার অধ্যাপক ড. আবদুস সালামকে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ লাভের পর আজ ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সকালে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে যোগদান করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর একাডেমিক দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।

বক্তব্যের শুরুতে উপাচার্য আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী একটি বিআরটিসি বাসে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়োগ প্রদানই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘রাইট পারসনকে রাইট পজিশনে’ নিয়োগ করতে না পারলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, দায়িত্ব পাওয়া যেমন আল্লাহর রহমত, তেমনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আল্লাহ’র দয়া ও রহমত প্রয়োজন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ পদে একজন দক্ষ ও যোগ্য একাডেমিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। অধ্যাপক ড. আবদুস সালামকে নিয়োগের মাধ্যমে একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও যোগ্য ব্যক্তিই এই পদে আসীন হলেন। বর্তমান উপাচার্য ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।’ উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা না জানানোর অনুরোধ: নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’

এখনই পদক্ষেপ নিন, নইলে পতন ঠেকানো কঠিন হবে

আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বৈশাখী উৎসব

বাঙালি সংস্কৃতিকে ধারণের আহ্বান গাকৃবি ভিসির

রেমিটেন্স সংগ্রহে সেরা ১০-এ বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড