যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এর ‘কৃষি ও বনায়ন’ (Agriculture & Forestry) বিভাগে প্রথমবারের মতো বিশ্বে ৪০১–৪৭৫তম অবস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন গাকৃবির জনসংযোগ শাখার সেকশন অফিসার মো. রনি ইসলাম।
তিনি জানান, এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বের ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টির এ অগ্রগতি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গবেষণা সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তোলার ফল বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত তালিকায় ‘কৃষি ও বনায়ন’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে Wageningen University & Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California।
কিউএসের এ র্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার আওতায় ১,৯০০টির বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
এর আগে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ গাকৃবি দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান লাভ করে।
আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এও গাকৃবি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। একই সঙ্গে টিএইচই সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৬-এ ‘লাইফ সায়েন্স’ বিভাগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে।
এছাড়া THE Impact Rankings ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে গাকৃবি।
অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। একই তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে এর অবস্থান ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩১তম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি শুধু র্যাঙ্কিংয়ে উন্নতি নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে জায়গা করে নিতে কাজ চালিয়ে যাব।’