হোম > বাণিজ্য > কর্পোরেট

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। ফলে তাদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু বাস্তবতা হলো, অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।”

মন্ত্রী আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ করছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের ধরে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি এবং সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এ আর খন্দকার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সালের তত্ত্বাবধানে কেবিন ব্লকের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন রয়েছেন।

ব্র্যাক ব্যাংক সহকর্মীদের লেখা নিয়ে সাহিত্য সাময়িকী প্রকাশ

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’, জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

ড্যাফোডিল রোবোটিক্সের শোরুম পরিদর্শন করেছেন ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে মায়া বেঙ্গল ইন মোশনের ‘নকশী কাঁথার মাঠ’

উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি