রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাসমূহের ডিসেম্বর ২০২৫ ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি সভায় শ্রেণীকৃত ঋণ থেকে আদায় জোরদারকরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধি, আমানত সংগ্রহে গতি আনা এবং নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক প্রবৃদ্ধি টেকসই করতে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক সালামুন নেছাসহ সংশ্লিষ্ট শাখাসমূহের প্রধানগণ ।
সভায় ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দলগত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।