১৮ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’।
আগামী ২৩-২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৬’, ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬’ এবং ‘৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬’।
২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন - সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকায় অনুষ্ঠেয় ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্যসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি, ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করবে।
প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে।
এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া, ভিমোটো প্রভৃতি।
বাণিজ্যিক যানের মধ্যে থাকছে ফোটন, ফোরল্যান্ড প্রভৃতি।
প্রদর্শনীতে আরও থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল - ইভি।
বুধবার (১৫ এপ্রিল) হোটেল সোনারগাঁওয়ের মেঘনা হলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধাবস্থা এবং ক্রমবর্ধমান প্রচলিত জ্বালানির সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ফলে, ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এই খাতে নতুন ও তুলনামূলক সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও বলেন, তিন দিনব্যাপী শুরু হতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ প্রচলিত অটোমোটিভ শিল্পকে যেমন এগিয়ে নিতে ভূমিকা রাখবে, তেমনি নতুন বিকল্প প্রযুক্তি ও সমাধান গ্রহণেও সংশ্লিষ্ট শিল্পখাতকে সহায়তা করবে।
আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল সূত্রে আরও জানা যায়, ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ এর আওতাধীন ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং তৎসংশ্লিষ্ট প্রদর্শনীসমূহ মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম। এতে বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন, মোটর স্পোর্টস এবং ইলেকট্রিক ভেইকল (ইভি) সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।
ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী; যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক অটোমোটিভ টু-হুইলার প্রদর্শনী ঢাকা বাইক শো। এ প্রদর্শনীতে থাকছে মোটরসাইকেল, স্কুটারস, ইজি বাইক, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ। যা সংশ্লিষ্ট পণ্যসমূহের বাজারকে ক্রম প্রসারিত করতে ভূমিকা পালন করছে। ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী। যা বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির উৎপাদন, বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের একমাত্র বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন-নতুন মডেল উপস্থাপন করার জন্য বিশ্বব্যাপী সমাদৃত অটো-কম্পোনেন্ট ব্যবসার একটি চমৎকার প্লাটফর্ম।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে, বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী। সেমস-গ্লোবাল-এর ফ্ল্যাগশিপ প্রদর্শনীসমূহের মধ্যে রয়েছে টেক্সটাইল সিরিজ, পাওয়ার সিরিজ, বিল্ড সিরিজ, ফুড অ্যান্ড এগ্রো এক্সপো, মেডিটেক্স এবং অটো সিরিজ।