টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের প্রধান কার্যালয়ের সভাকক্ষে টেশিস ও অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেডের পক্ষে অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল আউয়াল, চীফ অপারেটিং অফিসার জুবায়ের কায়েস সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টেশিসের পক্ষে উপমহাব্যবস্থাপক (বিক্রয়,বিপণন ও সেবা) জনাব মো. মাজহারুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক(পরিকল্পনা ও সমন্বয়) জনাব এরশাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মো. মাজহারুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (বিক্রয়,বিপণন ও সেবা) এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে স্মার্ট হোম ও আইওটি ভিত্তিক পণ্য যেমন-স্মার্ট হোম কিট, স্মার্ট সুইচ, ফিঙ্গারপ্রিন্ট, স্মার্ট সিকিউরিটি লক, স্মার্ট এরইডি বাল্ব এবং ওয়াই-ফাই সিকিউরিটি ক্যামেরা সহ অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদন, সংযোজন ও বাজারজাত করবে।
চুক্তি অনুযায়ী, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা ও সরকারি পর্যায়ে বিপণন সহায়তা প্রদান করবে এবং অরেঞ্জ এক্সপ্রেস লিমিটেড প্রযুক্তি সরবরাহ, উৎপাদন, বিপণন এবং সম্পূর্ণ ভ্যালু চেইন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে দেশে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘মেইড ইন বাংলাদেশে’ স্মার্ট ডিভাইস উৎপাদন ও বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।