আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যময় এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।এই অংশীদারিত্বের আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন, যা তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করবে।
চুক্তির ফলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস (DPS) ও এফডিআর (FDR)সহ আরও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল। আইএইচজি (IHG) হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিচালিত এই হোটেলে ২০০টিরও বেশি রুম ও স্যুট, একাধিক ডাইনিং রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে। অতিথি সেবার মান আরও উন্নত করতে হোটেলটির বৈচিত্র্যময় কর্মীবাহিনীর আর্থিক সুরক্ষা ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি প্রসঙ্গে মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং শুধু সাধারণ লেনদেনে সীমাবদ্ধ নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আস্থার সঙ্গে দৈনন্দিন ব্যাংকিং করতে পারেন এবং কার্যকরভাবে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে সক্ষম হন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে ব্র্যাক ব্যাংকের এমন সব সুবিধা পাবেন, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সহজে ঋণ প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।”
বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য পূর্ণাঙ্গ আর্থিক সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে।