হোম > বাণিজ্য > অর্থনীতি

টিসিবির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ নবায়ন প্রত্যাশী ডিলারদের

স্টাফ রিপোর্টার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন নবায়নযোগ্য ডিলাররা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের নবায়নের জন্য তারা ৫ হাজার টাকা অফেরতযোগ্য পে-অর্ডারের মাধ্যমে আবেদন করেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন তদন্ত, কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অনেক ডিলারের নবায়নের সুপারিশ করেন।

তাদের দাবি, জেলা প্রশাসকের সুপারিশ পাওয়ার পরও সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে নবায়ন চুক্তি সম্পন্ন না করে টিসিবি কর্তৃপক্ষ নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা বিদ্যমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা বলেন, টিসিবির সংশোধিত ডিলার নীতিমালায় জেলা প্রশাসকের সুপারিশপ্রাপ্ত নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু বাস্তবে অনেক সুপারিশপ্রাপ্ত ডিলারকে বাদ দিয়ে সীমিত সংখ্যক ডিলারের নবায়ন করা হয়েছে। অন্যদিকে ভোক্তার প্রাপ্যতা ও ওয়ার্ডভিত্তিক আসনসংখ্যার অজুহাতে বহু ডিলারের আবেদন বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোথাও ভোক্তা সংখ্যা কম থাকা সত্ত্বেও একাধিক ডিলারের নবায়ন করা হয়েছে, আবার কোথাও পর্যাপ্ত ভোক্তা ও শূন্যপদ থাকা সত্ত্বেও কোনো ডিলারকে নবায়ন করা হয়নি। এ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

ডিলারদের ভাষ্য, কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির নামেও নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে যে সব ডিলার দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের নানা অজুহাতে বাদ দেওয়া হচ্ছে। অথচ বর্তমানে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, যা কর্তৃপক্ষের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের সুপারিশপ্রাপ্ত এবং নীতিমালা অনুযায়ী যোগ্য সব নবায়নযোগ্য ডিলারের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন করা টিসিবির আইনগত ও নৈতিক দায়িত্ব। তারা সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের দাবি জানান।

এ সময় বৈষম্যের শিকার বলে দাবি করা নবায়নযোগ্য ডিলারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীদের জন্য অনলাইন ওয়ান-স্টপ সেবা জোরদার করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের দাবি বারভিডার

স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ২১৬ টাকা

স্বর্ণের দামে বড় পতন

চালের দামে অস্বস্তিতে ক্রেতা

কর নয়, উৎপাদন বাড়িয়ে রাজস্ব আহরণে জোর দেবে সরকার

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

তিন বছরের মধ্যে সুদ পরিশোধ না করলে আয় হিসেবে গণ্য হবে

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম