আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৬-এ শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে স্থাপিত ‘শাপলা কর্নার’ পরিদর্শন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বৃহস্পতিবার বাদ মাগরিব তিনি বইমেলায় শাপলা কর্নারে উপস্থিত হয়ে সেখানে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম ও প্রকাশনা ঘুরে দেখেন। এ সময় শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে মাওলানা মাহফুজুল হক শাপলা চত্বরের ঘটনাবলি নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, “শাপলা গণহত্যার ইতিহাস কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের ইতিহাস সংরক্ষণ ও প্রচারের এমন কার্যক্রম আরও বেশি হওয়া দরকার।”
তিনি বলেন, ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার মাধ্যমে অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ জ্ঞানচর্চা ও ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
মাওলানা মাহফুজুল হক শাপলা কর্নারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, ইসলামী জ্ঞানচর্চা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় তুলে ধরতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা বলেন, আন্তর্জাতিক ইসলামী বইমেলার মতো আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রকাশনা, ঐতিহাসিক দলিল ও স্মৃতিচিহ্ন সাধারণ মানুষের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়। ‘শাপলা কর্নার’-এর কার্যক্রমের মধ্য দিয়ে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পাঠকদের মধ্যে আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।