রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে একটি বাসা থেকে শিরিন বেগম নামের এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের বরাতে হাসপাতাল সূত্র জানায়, খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল মীরহাজীরবাগের ওই বাসায় যায়। সেখানে শিরিনের শরীরের চারটি খণ্ড উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তার স্বামী দুলালকে আটক করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এর পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি ‘আমার দেশ’। দুলালকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার পারিপার্শ্বিক অবস্থা যাচাইয়ের মাধ্যমে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত শিরিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তার এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।