হোম > রাজধানী

মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ভবনের আটতলা থেকে নিচে পড়ে সামিয়া নূর (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) আটতলা থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে গাজীপুরের বোর্ডবাজারের সাইনবোর্ডসংলগ্ন কলমেশ্বর এলাকায় বসবাস করত সে। তার বাবা নুরুন্নবী স্থানীয় বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার মা পারুল আক্তার (৪৫) জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে পিজি হাসপাতালের আটতলার একটি ওয়ার্ডে ভর্তি হন। আগামী ২৮ তারিখ তার অস্ত্রোপচারের কথা ছিল।

সামিয়ার বাবা নুরুন্নবী সাংবাদিকদের জানান, বাইরে থেকে ফিরে সামিয়া মাকে বলে, ‘মা, ক্ষুধা লেগেছে, ভাত দাও।’ ভাত খাওয়ার পর বিছানা থেকে কিছুটা দূরে কোমরসমান উঁচু জানালার মতো একটি জায়গায় গিয়ে বসে সে। তখন তার মা বিছানার নিচে বসে ভাত খাচ্ছিলেন।

নুরুন্নবী বলেন, ওই জায়গায় বসে নিচের দিকে তাকানোর সময় হঠাৎ মাথা ঘুরে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সামিয়া। এতে তার ঘাড় ও একটি হাত ভেঙে যায়। কান দিয়েও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা বলেন, ‘আমি নিঃসন্তান ছিলাম। মাত্র তিন বছর বয়সে কলিজার টুকরা মেয়েটিকে দত্তক নিয়েছিলাম। কত আদর করে তাকে মানুষ করেছি! আজ আমি সব হারালাম। এখন আমরা কী নিয়ে বাঁচব?’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন, বলছে পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

ফুটপাতে অবৈধ দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় সামুরাইসহ যুবক গ্রেপ্তার

কারিগরি শিক্ষার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে: নূরুল ইসলাম

শনিবার চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গেন্ডারিয়ায় বিশেষ অভিযানে আটক ২৮

মাকসুদা হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি