হোম > রাজধানী

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমার দেশ অনলাইন

“বিজ্ঞানের সৌরভ তব ব্যাপিত হোক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাই দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও গণিতপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞান, গণিত, যুক্তি ও সমস্যা সমাধানভিত্তিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, বিশ্লেষণী ক্ষমতা এবং সৃজনশীল চিন্তার দক্ষতার পরিচয় দেন। প্রতিযোগিতাটি দুইটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবা টেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলহাস, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের প্রধান বিপণন কর্মকর্তা ও বাইসিসের প্রধান আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়ক সাদেকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সম্পাদনা সহযোগী জামিল আহসান, আদনান মুস্তারী, আব্দুল্লাহ আদিল মাহমুদ, জুরাইস ইবনে আশরাফ এবং আলী আম্মার মুয়াজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রুপ ‘ক’ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) বিভাগে প্রথম স্থান অর্জন করেন ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাহানুর মুবিন মানহা। দ্বিতীয় হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাফসিন আহমেদ তানাজ এবং তৃতীয় স্থান অর্জন করেন চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মো. আশরাফুল ইসলাম। চতুর্থ স্থান লাভ করেন তানজিমুল উম্মাহ দাখিল মাদ্রাসা, রংপুরের আহমেদ সাফি মুস্তাওরিদ এবং পঞ্চম হন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের জুহাইর ফেরদৌস হাসান।

গ্রুপ ‘খ’ (নবম থেকে দ্বাদশ শ্রেণি) বিভাগে প্রথম স্থান অর্জন করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কা. মাদ্রাসার ফুজায়েল মো. আরিফ। দ্বিতীয় হন আল হেরা এডুকেট হোম হাই স্কুলের মামুন অর রশিদ এবং তৃতীয় স্থান লাভ করেন রাজউক উত্তরা মডেল কলেজের আবদুল মাজিদ। চতুর্থ স্থান অর্জন করেন সরকারি বি.এল. কলেজ, খুলনার রেতম দাস এবং পঞ্চম হন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মাহবুব এলাহী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা এবং সৃজনশীল চিন্তাশক্তিকে বিকশিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতেও বিজ্ঞান ও গণিতভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন