হোম > রাজধানী

সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

স্টাফ রিপোর্টার

সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন একটি সেবা। এর মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা’ শীর্ষক এই আয়োজনে জেলা প্রশাসক সাংবাদিকদের ‘জাতির দর্পণ’ হিসেবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া আমাদের সামনে উঠে আসে। আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করবেন।’

জেলা প্রশাসক কার্যালয়ের যেকোনো অনিয়ম নির্দ্বিধায় তুলে ধরার আহ্বান জানিয়ে ফরিদা খানম আরও বলেন, ‘ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম আপনাদের চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে তুলে ধরবেন। আমরা “হ্যালো ডিসি” নামের যে প্ল্যাটফর্মটি চালু করতে যাচ্ছি, সেখানেও প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। আপনাদের প্রতিবেদন ও নাগরিকদের সরাসরি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

উল্লেখ, গত ২২ এপ্রিল ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েন ফরিদা খানম। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই মেধাবী ও দক্ষ কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ফরিদা খানমের এই নিয়োগকে দেশের প্রশাসনিক ইতিহাসে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির এক অনন্য প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মজীবনে নীতি বাস্তবায়নে দৃঢ়তা, সততা এবং বহুমুখী প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি এরই মধ্যে সর্বমহলে ইতিবাচক সাড়া ফেলেছেন। ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটি জেলার শীর্ষ পদে তাঁর এই বলিষ্ঠ ও জনবান্ধব নেতৃত্ব সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

মতবিনিময় সভায় ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)-এর নেতৃবৃন্দ এবং আদালতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা জেলা প্রশাসকের এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানান এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

সভায় ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) এই মতবিনিময় সভায় অংশ নেন। তাদের মধ্যে সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম উপস্থিত ছিলেন।

এএস

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

রাইদা ও ভিক্টর বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

উত্তরায় ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে হেফাজতের গভীর শোক প্রকাশ

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের