হোম > রাজধানী

আদানি চুক্তির অনিয়মে কায়কাউসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

স্টাফ রিপোর্টার

ভারতের আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমদানি চুক্তি সংশ্লিষ্ট সাবেক মুখ্যসচিব ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে চলমান অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানের সঙ্গে আদানি চুক্তির অনিয়মের বিষয়টি যুক্ত করার সুপারিশ করেছে কমিশন। সোমবার এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের চলমান অনুসন্ধানের সঙ্গে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যুক্ত করে অনুসন্ধান করবে কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল বিদ্যুৎ আমদানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস-চুক্তির সময় যিনি বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন- এবং তার নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নথিপত্রও তলব করা হয়। এদিকে, আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংস্থাটির তদন্তে চুক্তির সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার তথ্যও উঠে এসেছে।

জানা গেছে, ২০২৩ সালের ৯ মার্চ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়। এরপর থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি বলে তদন্তে উঠে এসেছে। এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের ক্ষেত্রে আমদানির যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কোনো বিল অব এন্ট্রি দাখিলের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি না করার প্রমাণও মিলেছে। এর পরিপ্রেক্ষিতে কর ফাঁকির বিপুল অর্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে আদায়ের সুপারিশ করেছে এনবিআরের কমিটি। আদানি থেকে বিদ্যুৎ কেনার আলোচিত এ চুক্তিতে শুল্ক সংক্রান্ত বিষয়গুলো কীভাবে সম্পাদন করা হয়েছে, এতে কোনো ত্রুটি ছিল কি না, শুল্ক পরিহার প্রত্যাহারের সুযোগ ছিল কি না—এসব প্রশ্ন সামনে রেখে তদন্তে নামে এনবিআরের আট সদস্যের তদন্ত দল। তদন্ত প্রতিবেদনে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের শুল্ক-কর ‘ফাঁকি দেওয়া হয়েছে’ বলে তথ্য উঠে আসে। এনবিআরের তদন্তে আরও দেখা যায়, ২৫ বছর মেয়াদি চুক্তির আওতায় আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে পিডিবি শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে। তবে এ বিষয়ে এনবিআরসহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও করা হয়েছে। দুদকের নথি পর্যালোচনায় দেখা যায়, নাসিমের বিরুদ্ধে এসব অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর নথি নং-০০.০১.৩০০০.৬২৪.০২.০১৫.২৫-এর মাধ্যমে ইতোমধ্যে তদন্ত চলছে। নতুন করে পাওয়া অভিযোগটিও ওই নথির সঙ্গে সংযুক্ত করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদন ও গোয়েন্দা ইউনিটের সুপারিশের ভিত্তিতে অভিযোগটি চলমান তদন্তের সঙ্গে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পত্র পাঠানোর অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। দুদক সূত্র জানায়, অভিযোগগুলো যাচাই-বাছাই ও চলমান অনুসন্ধান-তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ার আগে কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে না।

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

ফোন করে মেয়েকে হত্যার খবর দিল জামাতা, লাশ গোসলের সময় গ্রেপ্তার স্বামী

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল

ঢামেকে দুই দিনে চার বন্দীর মৃত্যু

২০ দেশের পর্যটন প্রতিনিধিরা আসছেন ঢাকায়

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান