বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবো) কর্মরত সহস্রাধিক ডিপ্লোমা প্রকৌশলীর মতামত উপেক্ষা করে ‘জনবল নিয়োগ ও পদোন্নতির তফসিলসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২৬’ অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের প্রতিবাদ জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ও বিদ্যুৎ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান বলেন, তারা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালার বিরোধী নন, বরং শুরু থেকেই একটি বৈষম্যহীন, আইনসম্মত, ন্যায়সঙ্গত ও দীর্ঘমেয়াদী টেকসই পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়নের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। কিন্তু সংস্থার চাকরি বিধিমালার গুরুত্বপূর্ণ নীতিগত, আইনগত ও প্রশাসনিক বিষয়গুলোর সন্তোষজনক নিষ্পত্তি ও পুনর্বিবেচনা ব্যতিরেকেই উক্ত প্রবিধানমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখানে সহকারী প্রকৌশলী (AE) ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদের মোট সংখ্যার বিপরীতে এক-তৃতীয়াংশ (৩৩.৩৩%) পদোন্নতির নীতি পুনর্বহাল এবং ১৯৯৮ সালের এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এই ও এসডিই-কে সমতুল্য পদ হিসেবে বিবেচনা করে অভিন্ন জ্যেষ্ঠতা তালিকা পুনর্বহাল করা, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বিউবো এবং বিউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ পর্যালোচনা কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথভাবে দাবিগুলো বিবেচিত না হলে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আরও কঠোর শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনৎও মানববন্ধন কর্মসূচিতে কয়েকশত ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।