হোম > রাজধানী > অপরাধ

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

রাজধানীর চকবাজার থানাধীন চাঁনখারপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক সিনিয়র নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। স্বজনদের অভিযোগ, স্বামীর ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চাঁনখারপুলের একটি ছয়তলা ভবনের বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় নাহিদাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে চকবাজার থানার পুলিশ রাত পৌনে ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত নাহিদা সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনির মো. আক্তার হোসেনের মেয়ে। ২০২২ সালে ইলিয়াস নামে এক ব্যক্তির সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। নাহিদার ফুপাতো ভাই ফরহাদ রহমান জানান, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে নির্যাতন করতেন।

গত বছরের জানুয়ারিতে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন নাহিদা। ওই মামলায় ইলিয়াস জেলও খাটেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে তারা পুনরায় সংসার শুরু করেন।

পরিবারের দাবি, আত্মহত্যার আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা উল্লেখ করেছেন।

প্রতিবেশীদের বরাতে স্বজনেরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরপর ইলিয়াস বাসা থেকে বেরিয়ে যান। লাশ উদ্ধারের পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া চিরকুটটি যাচাই-বাছাই করা হবে এবং পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২

চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

চলে গেলেন ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি

কাফরুলে পুলিশের এসআইয়ের লাশ উদ্ধার

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ