হোম > কর্পোরেট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

আমার দেশ অনলাইন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিভার ক্যান্সার ক্লিনিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে পরিচালিত এ ক্লিনিকে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

একই দিন লিভার ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাব্যবস্থার প্রসার এবং রোগীদের সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব। তিনি লিভার ক্যান্সারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাশিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেপাটোলজি বিভাগে লিভার ক্যান্সার ক্লিনিকের কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ, যা রোগীদের সুসংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন এবং গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।

সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিক্যাল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর।

উল্লেখ্য, হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট ২০২৬ থেকে লিভার ক্যান্সার ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ ক্লিনিকে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের রোগ নিরূপণ ও মূল্যায়ন, রোগের পর্যায় নির্ধারণ, উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচন, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদানের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারের বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপির ভূমিকা, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা তাঁদের বৈজ্ঞানিক অভিজ্ঞতা এবং চিকিৎসাক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। এসব আলোচনায় লিভার ক্যান্সারের চিকিৎসায় আধুনিক পদ্ধতির যথাযথ প্রয়োগ এবং রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা নির্বাচন করার গুরুত্ব উঠে আসে।

অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যতে এ রোগের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। লিভার ক্যান্সার রেজিস্ট্রির তথ্য এ রোগের বিস্তার, ঝুঁকির বৈশিষ্ট্য ও চিকিৎসার ফলাফল সম্পর্কে গবেষণার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট আলোচনায় গুরুত্ব পায়।

অনুষ্ঠানে হেপাটোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্লিনিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও চিকিৎসাশিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মো. গোলাম আযম, অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. মো. ফজল করিম, অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ডা. মো. সাইফুল ইসলাম এলিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা।

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ