প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। তাই গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আপনারা আমাদের সীমাবদ্ধতা ও ভুলগুলো তুলে ধরবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারি।”
তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে না, বরং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জেলা হিসেবে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। তবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই ঘাটতি দূর করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রণালয়ের মন্ত্রী এবং একজন অভিভাবক হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।
নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মীর শাহে আলম বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। এসব অভিজ্ঞতা তাকে জনসেবার প্রতি আরও দায়িত্বশীল করেছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাওয়ায় নীতিনির্ধারণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে তিনি রূপসী বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে কৃষি, পুষ্টি এবং মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে কাজ করেছেন। তবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত এড়াতে এবং সরকারি দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতে প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে সরকারি দায়িত্ব পালনে মনোনিবেশ করছেন।
বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফের সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।