হোম > কর্পোরেট

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

আমার দেশ অনলাইন

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ সদ্য সমাপ্ত মে মাসে লেনদেনের একাধিক নতুন রেকর্ড গড়েছে। মাসিক লেনদেনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ লেনদেনের পাশাপাশি ঈদুল আযহার আগে একাধিকবার একদিনে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ডও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেড়েছে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও।

নগদের তথ্য অনুযায়ী, মে মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মাসিক ভিত্তিতে এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে নগদের মাধ্যমে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকার লেনদেন হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এছাড়া জানুয়ারি মাসে লেনদেনের পরিমাণ ছিল ৪০ হাজার ৩০১ কোটি টাকা। গত ছয় মাসের মধ্যে অন্তত চার মাসে নিজেদের পূর্ববর্তী লেনদেনের রেকর্ড ভেঙেছে নগদ।

ঈদুল আযহা উপলক্ষে মানুষের আর্থিক লেনদেনের চাহিদা বৃদ্ধির কারণে মে মাসে দৈনিক লেনদেনেও নতুন রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। গত ২৪ মে নগদের মাধ্যমে একদিনে ২ হাজার ১৬২ কোটি টাকার লেনদেন হয়। মাত্র দুই দিন পর, ২৬ মে সেই রেকর্ড ভেঙে একদিনে ২ হাজার ১৭৭ কোটি টাকার লেনদেন হয়। এর আগে ২০ মে একদিনে ২ হাজার ১০৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, বিদেশ থেকে রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবার বিল পরিশোধ এবং কেনাকাটার পেমেন্টসহ নানা ক্ষেত্রে গ্রাহকদের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি সরকারি ভাতা ও আর্থিক সুবিধা বিতরণের অন্যতম মাধ্যম হিসেবেও মে মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নগদ।

নগদে বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নগদের এমন কিছু সেবা রয়েছে যা গ্রাহকদের সহজেই আকৃষ্ট করে। যেহেতু নগদে খরচ তুলনামূলক কম, তাই সাধারণ মানুষের কাছে এটি ব্যাপক জনপ্রিয়। এক হাজার টাকা ক্যাশ আউট করলে অন্যান্য সেবার তুলনায় এখানে সাড়ে ছয় টাকা পর্যন্ত কম খরচ হয়। দেশের বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম খরচে ক্যাশ আউট সুবিধা প্রদান করছে।”

তিনি আরও বলেন, “সেন্ড মানি ফ্রি সুবিধা এবং নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণে গ্রাহকরা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকেন। ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থার কারণেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন নতুন লেনদেনের রেকর্ড গড়তে সক্ষম হচ্ছে। ভবিষ্যতেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

মোতাছিম বিল্লাহর মতে, প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করাও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠার পর থেকেই নগদ দেশের মানুষের জন্য বিভিন্ন আর্থিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থিক লেনদেনে গতি বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা কোটি কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় এনে নগদ একটি ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্মরণে প্রয়াত আব্দুল মোনেম

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

হাম আক্রান্তদের চিকিৎসায় বিশেষায়িত সেবা চালু ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে

ঈদুল আজহায় ক্লেমনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

পশু কেনাকাটায় প্রাইম ব্যাংকের বাংলা কিউআর পেমেন্ট চালু

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার ভালুকার খোকন মিয়া

দিয়াবাড়িতে রাস্তা থেকে পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক

ক্রিকেট ট্যুরিজমে অবদানের স্বীকৃতি ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন শাখাওয়াত হোসেন