হোম > কর্পোরেট

সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় কাজ করছে কোস্ট গার্ড

আমার দেশ ডেস্ক

সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মোংলা বন্দরের সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। শুক্রবার (১২ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মোংলা বন্দরের নিরাপত্তা বজায় রাখা এবং উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম ও অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের জেলে, বাওয়ালি, মৌয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ২৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগান গোলা, একটি ককটেল, একটি টেলিস্কোপ এবং দুটি ওয়াকিটকিসহ ৩৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে দস্যুদের হাতে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা গত ১৭ মে ২০২৬ তারিখে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার ঘোষিত তিন মাসব্যাপী পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অবৈধ মাছ আহরণ, বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে কোস্ট গার্ড কাজ করছে। প্রয়োজনে নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সুন্দরবনের নিরাপত্তার পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশ কোস্ট গার্ড নিবিড়ভাবে কাজ করছে। নিয়মিত টহল, বন্দর চ্যানেল ও নৌপথে সার্বক্ষণিক নজরদারি এবং বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বন্দরের কার্যক্রম সচল, নিরাপদ ও গতিশীল রাখা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী সীমান্ত এলাকায় অবৈধ পুশ-ইন প্রতিরোধে কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, আধুনিক ড্রোন ও সার্ভেইল্যান্স প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ এবং বিশেষ একক ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এরই প্রেক্ষিতে গত ১১ জুন ২০২৬ তারিখ জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোনো ধরনের অপপ্রচার, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাই বাংলাদেশ কোস্ট গার্ডকে দায়িত্ব পালনের অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। আইন ও রাষ্ট্রীয় স্বার্থে পরিচালিত কার্যক্রম ভবিষ্যতেও একই দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন, উপকূলীয় অঞ্চল ও দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতসহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। দেশের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, অর্থনীতি এবং জনগণের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ নিয়ে এলো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম