বিশ্বমানের আধুনিক করপোরেট চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টারে বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসম্বলিত বরাদ্দের আবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে বরাদ্দের আবেদনপত্রের কপি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপির কাছে হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এ আবেদনের মাধ্যমে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর কার্যক্রমে নতুন গতি পেয়েছে।
হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু হলে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসাসেবাসহ বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি হাসপাতালে থাকবে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউসহ বহুল কাঙ্ক্ষিত শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউ।
আবেদনপত্র হস্তান্তরের সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেন। পাশাপাশি বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালটি প্রতিষ্ঠার শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিল। ইতোমধ্যে ১ অক্টোবর ২০২৬ থেকে হাসপাতালটি বিএমইউ সুপার হাসপাতাল লিমিটেড নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে।
আবেদনপত্রে বলা হয়, বিশ্বমানের আধুনিক করপোরেট চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও দক্ষ ফিজিশিয়ান এবং সার্জন নিয়োগ, চিফ কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্ট পদে অভিজ্ঞ চিকিৎসক নিয়োগসহ কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদান প্রয়োজন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টারে বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
হাসপাতালের প্রস্তাবিত সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার এবং বন্ধ্যাত্ব ও বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টার।
এ ছাড়া চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জামাদি (এমএসআর) খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউসহ বিভিন্ন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সরঞ্জাম, লাইফ সাপোর্ট ভেন্টিলেটর, বিশ্বমানের অপারেশন থিয়েটার পরিচালনার মেডিক্যাল ইকুইপমেন্ট ও যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম, আধুনিক হাসপাতাল বেড এবং সাইড বেড লকার।
অন্যদিকে, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজের জন্যও বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধন, চারপাশে সবুজায়ন, আউটডোর ও রোগীদের ওয়েটিং রুম আধুনিকীকরণ, কেবিন ও ওয়ার্ড সংস্কার, পুরো হাসপাতাল কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিতকরণ, চিলার ও মেডিক্যাল গ্যাস প্ল্যান্ট স্থাপন, সাবস্টেশন স্থাপন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
এ ছাড়া সিলিং মেরামত, হেপা ফিল্টার স্থাপন, ল্যাব সংস্কার, পার্কিংয়ের র্যাম্প সংস্কার, ইনডোর ও মরচুয়ারি সংস্কার, কনফারেন্স ও অডিটরিয়াম সংস্কার, ক্যাফেটেরিয়া এবং বেইজমেন্ট সংস্কারসহ বিভিন্ন পূর্ত ও অবকাঠামোগত উন্নয়নকাজের জন্য অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এসব খাতে সর্বমোট ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের জন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, দক্ষ ও অভিজ্ঞ কনসালট্যান্ট এবং অন্যান্য জনবল নিশ্চিত করতে ইতোমধ্যে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জনবল নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।