কৃষকদের দোরগোড়ায় সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, কৃষি ঋণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দেয় প্রাইম ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।
বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে এবং প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ঋণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম। এ সময় উপজেলার ৫০ জন প্রান্তিক ও প্রকৃত কৃষকের হাতে কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্মুক্ত ঋণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে ঋণ প্রদানের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে এবং কৃষকদের মধ্যে ব্যাংকিং সেবার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত কৃষক ও স্থানীয় জনগণের মাঝে কৃষি ঋণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংকগুলোর বিভিন্ন কৃষি ঋণ সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং সরকারি প্রণোদনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির, প্রাইম ব্যাংকের হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
বক্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।