বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, দীর্ঘমেয়াদি অবদান এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। এবারের আসরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান (কৃষি), খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) (শিল্প ও সংস্কৃতি) এবং দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম, যিনি আজীবন সম্মাননা অর্জন করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসা প্রিমিয়াম রেসিডেন্স টেকসই আতিথেয়তা, আধুনিক সেবা এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্মাননা গ্রহণ করে মো. শাখাওয়াত হোসেন বলেন, এই অর্জন তার একার নয়, বরং পুরো টিমের নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের ফল। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে তিনি দক্ষিণ এশীয় ট্রাভেল অ্যাওয়ার্ডস থেকে ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’, নেপালের হাই-এইম কনফারেন্স থেকে ‘বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ’, আমেরিকান কারি অ্যাওয়ার্ডস থেকে ‘বেস্ট হসপিটালিটি আইকন’, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে ‘হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড’ এবং বিআইএইচএ থেকে ‘মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার অব ২০২৪’সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন।
বিশ্বখ্যাত ‘হু’স হু’ ডিরেক্টরি ১৯৮৪ সাল থেকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের জীবনপঞ্জি সংরক্ষণ করে আসছে। পঞ্চমবারের মতো ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠান সমাজ, শিল্প ও অর্থনীতিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করছে।
মো. শাখাওয়াত হোসেনের এই অর্জন দেশের আতিথেয়তা ও পর্যটন খাতে কর্মরত পেশাজীবীদের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।