হোম > কর্পোরেট

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

আমার দেশ অনলাইন

আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) একটি সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রাইমঅ্যাকাডেমিয়া উদ্যোগের আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংকের উদ্যোগে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (CWUBC) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকাররা অংশ নেন। আলোচনায় আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। তিনি বলেন, নারীর আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের সঙ্গেও সম্পর্কিত।

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শায়লা আবেদীন বলেন, সামাজিক প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা অনেক সময় নারীর অগ্রযাত্রাকে কঠিন করে তোলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যবসায়, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা, নৈতিকতা এবং দায়িত্ব নেওয়ার সাহস গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি আর্থিক বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, আয়, সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা নারীদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। অর্থনীতিতে নারীর ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করে তিনি নারীদের জন্য প্রাইম ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘নীরা’ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। নৈতিক ব্যাংকিং ও দায়িত্বশীল আর্থিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকিং সেবার মূল ভিত্তি হলো আস্থা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য, নিয়মিত সঞ্চয়, তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন তিনি।

মাহবুব হাসান তার উদ্ভাবিত ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পার্সোনাল মানি ম্যানেজমেন্ট’ ধারণাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ ধারণার মাধ্যমে ব্যক্তিগত জীবনে আয়, ব্যয়, সঞ্চয় ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে ব্যবস্থাপনার বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি গ্রাহকের পরিবর্তিত প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে প্রাইম ব্যাংকের ৩১ বছরের যাত্রা ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আর্থিক অন্তর্ভুক্তি ও সবার জন্য সহজলভ্য ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন মাহবুব হাসান। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রাইম ব্যাংক সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সেবা চালু করেছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বই ও সহজপ্রাপ্য ব্যাংকিং উপকরণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো ব্যাংকিং সেবার সুফল সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার-সংক্রান্ত দক্ষতা অর্জন করা প্রয়োজন। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সিডব্লিউইউ যেভাবে নারীশিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে, তা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদও বক্তব্য দেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের প্রাইম ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব কর্মজগতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা ও নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।

এমএমআর

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা

ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির