ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোমের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম নিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।
তিনি বলেন, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহ দিতে সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তা কিনবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ব্যয় কমাতে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য সংশ্লিষ্ট যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সরকারের এ কার্যক্রমে অংশ নেওয়া হচ্ছে উল্লেখ করে ইয়াসমিন বেগম বলেন, এ উদ্যোগে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যেন হতাশ না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও স্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের যেসব স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল বসানো সম্ভব, সেগুলোতে এ ব্যবস্থা চালুর জন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকোর ১২ দশমিক ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তিতে ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (যুগ্ম সচিব) ফারজানা সুলতানা। আর ফাইবার অ্যাট হোমের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী।
স্বাগত বক্তব্য দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। এতে ডেসকো, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।