ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট))-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল ২০২৬ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এছাড়া বিডিরেন-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, দেশের বিভিন্ন প্রান্তের একশোর বেশি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় এক হাজার দুইশো প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণ এ আয়োজনকে একটি বৃহৎ প্রযুক্তি উৎসবে পরিণত করেছে। তিনি বলেন, দুই দিনে প্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনের অসাধারণ সমন্বয় দেখা গেছে, যা শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনার প্রতিফলন।
তিনি আরও বলেন, সিএসই বিভাগ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষক তৈরিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে সমাজ ও মানবতার কল্যাণে ব্যবহার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. আরেফিন কাওসার বলেন, দুই দিনব্যাপী এ কার্নিভাল ডুয়েটের গর্বের বিষয়। তিনি বলেন, কম্পিউটার সায়েন্স শুধু কোডিং নয়, এটি সমস্যা সমাধান, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্র। শিক্ষার্থীদের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, বিজ্ঞান হলো চোখ এবং প্রযুক্তি হলো হাত, যা সমস্যার সমাধান করে। তিনি বলেন, এই কার্নিভালে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেছে, যা অনুপ্রেরণাদায়ক।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬-এর ডুয়েট চ্যাপ্টারের প্রজেক্ট ডিরেক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান ও অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।
দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১,২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম দিনে আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেসিং এবং দ্বিতীয় দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (IUPC) ও এআই হ্যাকাথন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে নেটওয়ার্কিং সেশন ও পুরস্কার বিতরণের মাধ্যমে সিএসই কার্নিভাল ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।