রাজধানীর বনানী থানার অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এলিনা আক্তার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামি আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এ কারণে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আনিসুল হকের নামে বনানী থানায় একটি বৈধ পিস্তলের লাইসেন্স রয়েছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আনিসুল হক নির্দিষ্ট সময়ের মধ্যে (২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত) তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা বিষয়টি থানাকে অবহিতও করেননি।
অভিযোগে আরও বলা হয়, আসামির ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়া সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। এমনকি তিনি কোনো গুলি ক্রয় করেছেন কি না, সেটিরও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোড. জানে আলম দুলাল।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আনিসুল হকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।