হোম > আইন-আদালত

শিক্ষিকা রনজিনা হত্যা: দুই সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোশাররফ হোসেন পনি ও তার সহযোগী সেড্রিক। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ‘ইয়ামাহা আর-১৫’ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে র‌্যাব। তবে সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের সঙ্গে উদ্ধার হওয়া বাইকের রঙের পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানান বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‌্যাবের দাবি, নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, রনজিনা পারভীন হত্যা মামলার সন্দেহভাজন ছিনতাইকারীরা তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা পনি গাজী ওরফে প্যারা পনি, তার সহযোগী সেড্রিক এবং একটি মোটরসাইকেল আটক করা হয়।

র‌্যাব জানায়, মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার দিন বাইকটি পনি গাজীর হেফাজতে ছিল। নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিনও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল বলে শনাক্ত করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

তবে গ্রেপ্তারের পর পনি গাজী সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তার মোটরসাইকেলের রং সাদাকালো, অথচ ছিনতাইয়ের সময় সিসিটিভি ফুটেজে যে মোটরসাইকেল দেখা গেছে, সেটি নীল রঙের।

সিসিটিভি ফুটেজে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে একটি নীল রঙের মোটরসাইকেলে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। অন্যদিকে, র‌্যাব গণমাধ্যমে যে উদ্ধার করা মোটরসাইকেলের ছবি দিয়েছে, সেটিতে সাদাকালো রং দেখা গেছে। এ কারণে উদ্ধার হওয়া মোটরসাইকেলটিই ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, পনিকে হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে নয়, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামিরা অজ্ঞাত হওয়ায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে। আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

র‌্যাবের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলচালকের দৈহিক গঠনের সঙ্গে পনি গাজীর মিল রয়েছে। স্থানীয় ১৫ জন সোর্সকে ভিডিও দেখিয়েও তার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানায় সংস্থাটি। এ ছাড়া ঘটনার রাতে আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত আসামিদের মুঠোফোন নম্বর ওই এলাকায় অবস্থান করছিল বলেও র‌্যাবের দাবি।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন স্বামীর সঙ্গে চিকিৎসার জন্য রাজধানীর ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিনার স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চুরি, সিঁধেল চুরি, ডাকাতির প্রস্তুতি ও ভয়ভীতি প্রদর্শনসহ মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়

ট্রাইব্যুনালে অভিযোগ দেবে সাগর-রুনির পরিবার

ঋণের ২০ টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে খুন, শাস্তি যাবজ্জীবন

পাকিস্তান হাই কমিশনের পাশ থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা ফিরোজ

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট