হোম > আইন-আদালত

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার

ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা দুটি পৃথক মামলার কার্যক্রম স্থগিত করার পাশাপাশি মামলা দুটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার ফুডপান্ডার পক্ষে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সরবরাহসংক্রান্ত বিরোধের জেরে মামলার বাদী মো. শিহাব মাহমুদ বশিরকে একটি চেক প্রত্যাখ্যানের (ডিসঅনার) মামলায় ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালত। গত ১১ অক্টোবর এই রায় দেওয়া হয়। হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারায় ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের করা তিনটি চেক ডিজঅনার মামলার মধ্যে একটির রায়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। অন্য দুটি মামলা এখনো বিচারাধীন। এ ছাড়া অন্যান্য মামলায় বশিরের বিরুদ্ধে বনানী থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানা গেছে।

ডেলিভারি হিরো স্টোরস লিমিটেডের (প্যান্ডামার্ট) সাবেক এক সরবরাহকারীর করা মামলায় এই আদেশ দেওয়া হয়। প্যান্ডামার্ট ফুডপান্ডা বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান।

আদালতে আসামিপক্ষের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গত ১৮ অক্টোবর হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মামলায় ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন।

আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম জানান, এর আগে এই পাঁচ কর্মকর্তা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন এবং পরবর্তীতে বিচারিক আদালতে গিয়ে নিয়মিত জামিন লাভ করেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ডেলিভারি হিরোর পাওনার একটি অংশ মওকুফ করতে সম্মত হওয়ার পর বশির বাকি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তিনটি চেক দিয়েছিলেন। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকগুলো একাধিকবার প্রত্যাখ্যাত হয়। পরে আইনি নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ২০২৫ সালে ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেড নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় তিনটি পৃথক মামলা করে। বকেয়া পাওনা আদায়ের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই মামলাগুলো করা হয়েছিল।

বকেয়া পাওনা আদায়ে চেক প্রত্যাখ্যানের মামলা করার পর ২০২৫ সালে ফুডপান্ডা বাংলাদেশের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা চারটি ফৌজদারি মামলা করেন বশির। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারিন রেজা এবং জুবায়ের বিএ সিদ্দিকীও রয়েছেন।

আইনজীবীরা জানান, মামলাগুলোতে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং পণ্য ফেরত নেওয়া বা ‘রিটার্ন টু ভেন্ডর’ (আরটিভি) হিসাবের সমন্বয় নিয়ে বিরোধের অভিযোগ আনা হয়েছে। মূলত ব্যবসায়িক লেনদেন, বকেয়া পাওনা এবং হিসাবের সমন্বয় সংক্রান্ত বিরোধ থেকেই এসব মামলার সূত্রপাত।

চেক প্রত্যাখ্যানের মামলা দায়েরের পর কর্মকর্তাদের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাগুলোকে ‘প্রতিশোধমূলক’ বলে মনে করছে ফুডপান্ডা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, এই ধরনের বাণিজ্যিক বিরোধ চুক্তি ও দেওয়ানি আইনের আওতায় নিষ্পত্তি হওয়া উচিত, কোনোভাবেই কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে নয়। ব্যবসায়িক বিরোধে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতেই ফৌজদারি বিচারব্যবস্থাকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার