হোম > আইন-আদালত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেননকে

স্টাফ রিপোর্টার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম-দুর্নীতির’ অভিযোগে দুদকের করা এক মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ জুন রাশেদ খান মেননকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।

‘অনিয়ম ও প্রতারণার’ মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর এই মামলাটি দায়ের করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকা সত্ত্বেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে চাহিত এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এমনকি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এ ছাড়া নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন—স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির সাবেক সদস্য মাহবুব উর রহমান, মো. আবুল হোসেন, মীর মোশাররফ হোসেন ও জহিরুল ইসলাম খা, শিক্ষক শ্যামলী হোসেন, মাহমুদা সুলতানা, আয়েশা সিদ্দিকা, নাসরিন আফরোজ, মোহাম্মদ আবদুল কাইয়ুম, তুহিন বিশ্বাস, মো. বজলুর রহমান, মো. রাসেল, মো. হারুন-অর-রশিদ খান, মো. মোশারফ হোসেন, উৎপল বিশ্বাস, এ কে এম মাসুদ রানা ও মো. আরিফুল ইসলাম।

২০২৪ সালের ২২ আগস্ট ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের অস্বীকার

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

ঢামেকে ফেলে যাওয়া নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

আমার হাঁটুতে গুলি লেগে হাড় ভেঙে চুরমার হয়ে যায়