জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর গোলচত্বরে দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন আদালত।
এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করে বলেন, এই আসামি মাইটিভির চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।
এ মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি (বিএনপিপন্থী আইনজীবী) আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এত দিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।