হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
আদালতে আজ আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।
এএস