গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সোমবার টঙ্গীর ওই মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ছাত্রীটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে ঘটনার কথা জানায়।