সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আই কিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী 'আই কিউ টেস্ট' তৈরি করা জাতির জন্য এবং শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এসব কথা বলেন প্রাথমিক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন আই কিউ টেস্ট করার নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির সভাপতি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয় যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গনি, পরিচালক মো. লুৎফুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ জাকির হোসেন।
উল্লেখ্য, আইকিউ টেস্ট তৈরির নিমিত্তে কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গত ১৪ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আট সদস্য বিশিষ্ট একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।
অন্য সদস্যগণ হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি।
কমিটির সদস্য সচিব হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয় ২)।