ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার দাবিতে লাগাতার অবস্থান করা শিক্ষকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারির পাশাপাশি ‘ঈদ বর্জনের’ ঘোষণাও দিয়েছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করা আন্দোলনকারী শিক্ষকেরা ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারিও দিয়েছেন।
রোববার দুপুরে শিক্ষকেরা ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলেও পুলিশ তাদের আটকে দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ ও ঈদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীদের সংগঠনের সদস্যসচিব আব্দুল হান্নান হোসেন।
আজ টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’ নামে একটি সংগঠনের ব্যানারে গত বৃহস্পতিবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে।
সংগঠনের সদস্যসচিব আব্দুল হান্নান হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসা গুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাস মতে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। একই সঙ্গে ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ঈদের দিন এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে পদযাত্রা করব।’
কোরবানি ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। দেশের সব মাদরাসায় রোববার থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে পুনরায় এ প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ খুলবে।
ঈদের এ ছুটির মধ্যেই ইবতেদায়ি মাদরাসাগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘বন্ধ’ ঘোষণা করলেন শিক্ষকেরা।
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসা পদ্ধতিতে পাঠন হয় ইবতেদায়ি মাদরাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ সালে। এরপর চার দশক কেটে গেলেও শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছেন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন। এর বাইরে দেশে আরও ৫৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না।
এর আগে শিক্ষকদের আন্দোলনের মুখে ২০২৫ সালের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তা বাস্তবায়ন হয়নি।
এমবি