নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি ও অপতৎপরতার প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিল থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, খুনি হাসিনার আস্তানা’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধোলাই কর’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনার ফাঁসি দে’, ‘খুনি হাসিনার চোখের জল, জাতীয়তাবাদী ছাত্রদল’ এবং ‘ফিরতে চাইলে শেখের বেটি, ফাঁসির দড়ি আছে রেডি’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। গতকাল রাতে নিষিদ্ধ সংগঠনের ডাকা তথাকথিত ধর্মঘটের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। একটি শান্ত-শিষ্ট ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্রলীগের কোনো স্থান হবে না। যেকোনো অপতৎপরতা রুখে দিতে ছাত্রদল সবসময় সজাগ রয়েছে। আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে ছাত্রলীগের প্রশ্নে কোনো আপস নয়।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব মো. রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।