সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভাষণের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
বুধবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের মুজিব মুরালে "শেখ হাসিনার" প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট জুতা নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।
কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল হলের সামনে শেষ করা হয়। একই সময় শেখ পরিবারের নামে কোন স্থাপনা এই বিশ্ববিদ্যালয় থাকবে না বলে তারা প্রতিবাদ জানান।
মিছিল চলাকালীন সময়ে ‘দালালদের আস্তানা, এই বাংলায় চলবে না’, ‘অন্যায়ের বিরুদ্ধে রক্ত ঝরবে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘ফ্যাসিবাদের স্থান, বাংলায় হবে না’, ‘ভাষণ নয়, জুতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি খুনি হাসিনা দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে, সে বলেছে আজ রাতে সে ভাষণ দিবে, ভারতে বসে থেকে এই ধরনের দু:সাহস কীভাবে দেখায়, এই প্রতিবাদে ইবির সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছে, আমাদের দাবি শহীদ ভাইদের দাবি শেখ হাসিনার ফাঁসিসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।