সেন্টার ফর এডুকেশনের আয়োজনে শুরু হচ্ছে ‘স্টাডি অ্যাব্রড এডুকেশন এক্সপো-২০২৫’। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের গ্র্যান্ড প্যালেসের চলবে শিক্ষামূলক এ অনুষ্ঠান।
জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকেরা এ এক্সপোতে অংশ নিবেন।
‘স্টাডি অ্যাব্রড এডুকেশন এক্সপো-২০২৫’ আয়োজনের বিষয়ে আয়োজকরা জানায়, বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার বিভিন্ন সুযোগ এবং স্কলারশিপ সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এ এক্সপোতে। সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলে ভর্তি প্রক্রিয়া, প্রোগ্রাম এবং ক্যাম্পাস জীবন সম্পর্কেও জানতে পারবে। জটিল ভিসা এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সহজ করার জন্য এই এক্সপোতে পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা।
সেন্টার ফর এডুকেশনের সিইও আব্দুল মোমেন বলেন, ‘স্টাডি অ্যাব্রড এডুকেশন এক্সপো-২০২৫’ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গেটওয়ে যেখানে তারা তাদের একাডেমিক স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য এবং গাইডেন্স পাবেন।
তিনি বলেন, এই এক্সপোটি আয়োজন করা হয়েছে যেন বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষভাবে সুবিধা হয়।