হোম > শিক্ষা

ক্লিন ইমেজের শিক্ষার্থীদের নিয়ে প্যানেল গঠনে তোড়জোড়

রাকসু নির্বাচন

ফাহমিদুর রহমান ফাহিম, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়

তফসিল ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যাপক কর্মতৎপরতা দেখা যাচ্ছে। ক্লিন ইমেজ ও জনপ্রিয় ছাত্র প্রতিনিধিদের নিয়ে প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছে ছাত্র সংগঠনগুলো ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে । মূলত বিগত দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার, প্রভাবশালী ছাত্র নেতারাই আসন্ন নির্বাচনে ভিপি ও জিএস পদে এগিয়ে আছেন বলে বেশ গুঞ্জন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দু-একটি সংগঠন সম্ভাব্য প্যানেল ঠিক করতে পারলেও অধিকাংশ সংগঠন এখনও প্যানেল চূড়ান্ত করতে পারেনি। এছাড়াও এবারের রাকসু নির্বাচনে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেও প্যানেল হতে পারে।

ইসলামী ছাত্রশিবির

ইসলামী ছাত্রশিবির রাকসু নির্বাচনে ভিপি পদে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাবি শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. নওসাজ্জামান।

নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় সবচেয়ে বেশি সরব রয়েছে সংগঠনটি। কেন্দ্র ও হল পর্যায়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল সাজাচ্ছেন তারা। আগামী ৮ তারিখে আনুষ্ঠানিকভাবে শিবিরের চূড়ান্ত প্যানেল ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কয়েকজন নেতা।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুর তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র সংগঠন রাকসু। রাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে। নির্বাচন নিয়ে আমাদের বেশ পরিকল্পনা আছে। সব শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশাবাদী। এবারের রাকসু নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদল

নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর রাবি শাখা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটির বেশ কয়েকজন ছাত্রনেতা ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। জোর গুঞ্জন রয়েছে তাদের নিয়ে। এর মধ্যে রয়েছেন রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদার জহুরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাহিন বিশ্বাস এষা, মাহমুদুল হাসান মিঠু ও নাফিউল জীবন।

নির্বাচনকে ঘিরে জোরাল প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীদের। তবে নিয়মিত ছাত্র না হওয়ায় রাকসু নির্বাচনে অংশ নেওয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে দলটির অনেক নেতাকর্মীর জন্য। এদিকে ছাত্রদলের চূড়ান্ত প্যানেলে কারা কারা থাকবেন সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের ওপর তাকিয়ে আছেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

দলটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসু নির্বাচন আমরা চাই। তবে বহু আগে থেকেই বলেছি—এই নির্বাচন কমিশন ছাত্রদলবিদ্বেষী, আর প্রশাসন জামায়াতপন্থি নেতাদের অনুগত। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম আস্থাও সৃষ্টি করতে পারেনি। এটি নিয়েই আমাদের মধ্যে সংশয়।

সাংবাদিক সংগঠন

স্বতন্ত্র প্যানেল রাকসুর ভোটযুদ্ধে নামতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মনির হোসেন মাহিন । এছাড়াও সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের সমন্বয়েও হতে পারে একটি পূর্ণাঙ্গ প্যানেল।

জানতে চাইলে মাহিন বলেন, রাকসুতে দাঁড়ানোর সম্ভাবনা আছে। তবে আমরা মূলত একটি স্বতন্ত্র প্যানেল দিতে চাই, যেটি হবে অরাজনৈতিক। সেই প্যানেলের মূল উদ্দেশ্যই থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।

সাবেক সমন্বয়ক

নির্বাচনে গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সাবেক সমন্বয়করা। তাদের মধ্য থেকে ভিপি পদে আলোচনায় আছেন মেহেদী সজীব, সাব্বির আহম্মেদ, আকিব বিন তালেব। জিএস পদে এগিয়ে আছেন ফাহিম রেজা, সালাউদ্দিন আম্মার, সানজিদা ঢালি, তাসিন খান, শহীদ ইমরান। ইতোমধ্যে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থীদের কাছে গণসংযোগ করেছেন তবে এখনো প্যানেল নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি তারা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ভিপি পদপ্রার্থী মেহেদী সজীব বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। রাকসুকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাবি শিক্ষার্থীদের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রাকসু নিয়ে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবেও আমাদের চিন্তা-ভাবনা আছে। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার এ সুবর্ণ সুযোগকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই।

ছাত্র অধিকার পরিষদ

রাকসুর ভিপি ও জিএস পদে রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ ও সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভর নাম শোনা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় অংশ নিতেও দেখা যায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-এর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটির নেতাকর্মীদের।

নির্বাচন বিষয়ে দলটির সভাপতি মেহেদী মারুফ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে সব সময় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে গেছি, ভবিষ্যতেও যাব ইনশাআল্লাহ্। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের প্যানেলে নারী, সনাতন ধর্মাবলম্বী, আদিবাসী সম্প্রদায় সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটা ডায়নামিক প্যানেল ঘোষণা করতে পারব আশা করছি।

বামপন্থি ছাত্রসংগঠন

বামপন্থি ছাত্রসংগঠনগুলো থেকেও উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম। এর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি রাকিব হোসেন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফুয়াদ রাতুলের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যাম্পাসে বেশ আলোচনায় আছে। বামপন্থি সংগঠন থেকেও পূর্ণাঙ্গ প্যানেল সাজাতে পারেন নেতাকর্মীরা। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তারা।

সাধারণ শিক্ষার্থীদের প্যানেল

নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের একটি প্যানেল থাকতে পারে বলে ক্যাম্পাসে বেশ গুঞ্জন রয়েছে। এখনো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে গোপনে গোপনে এ বিষয়ে কাজ চলছে বলে অনুসন্ধানে জানা গেছে। পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করেই তারা আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের প্যানেলে ঠাঁই পাবেন দলীয় পরিচয়ে পরিচিত কোনো শিক্ষার্থী, এমনটাই শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে খসড়া ভোটার তালিকা আগামী ৬ আগস্ট প্রকাশিত হবে । মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট হবে। আর ভোট গ্রহণ ১৫ সেপ্টেম্বর।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে