হোম > শিক্ষা

জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, দেশীয় তদন্ত ব্যবস্থার ওপর তাদের আস্থা নেই এবং বর্তমান তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, “শহীদ ওসমান হাদি হত্যা মামলাকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বারবার শুনানির তারিখ পেছানো হচ্ছে। আজ ছিল এই মামলার পঞ্চম শুনানি। আমরা জানতে চাই- আর কত দিনে তদন্ত শেষ হবে?”

মামলার বাদী হওয়া সত্ত্বেও তদন্তের কোনো অগ্রগতি জানানো হচ্ছে না অভিযোগ করে আবদুল্লাহ আল জাবের বলেন, তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য তার কাছ থেকে গোপন রাখা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার স্বাক্ষর নকল হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। স্বচ্ছতা নিশ্চিত না হলে ভবিষ্যতে কোনো নথিতে স্বাক্ষর করবেন না বলেও জানান।

তিনি বলেন, “শহীদ ওসমান হাদিকে গুলি করার ৫৩ দিন এবং হত্যার ৪৭ দিন পার হলেও এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। বরং তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চলছে।”

এ প্রসঙ্গে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুল্লাহ আল জাবের বলেন, গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। “তিনি যদি সত্যিই জনগণের সরকার হন, তাহলে শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করতে এত প্রতিবন্ধকতা কেন?”—প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিভিন্ন দাবি তুলে ধরা হয়। আবদুল্লাহ আল জাবের বলেন, শুধু ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসালেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে না। ঝুঁকিপূর্ণ প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, কোনো দলই ভারতীয় আধিপত্য, পররাষ্ট্রনীতি কিংবা প্রতিরক্ষা নীতি নিয়ে সুস্পষ্ট অবস্থান জানাচ্ছে না। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে তার দায় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ জানায়, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধেও তারা অবস্থান নেবে এবং এসব প্রার্থীর তালিকা প্রকাশ করে জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানাবে।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেও সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করা হবে: ইউজিসি চেয়ারম্যান

মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ ৪ এ ৪ পেলেন রাকসু ভিপি

কামিল পরীক্ষার ফল প্রকাশ রোববার

৩ দিনে ঢাবির কুয়েত মৈত্রী হলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ

বাউরেস কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আমান উল্লাহ

নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় শাবিতে গবেষণা সেমিনার

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গবেষণা প্রকাশনা ও ইমপ্যাক্টে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন বাকৃবির গবেষকরা

জবিতে শিক্ষকদের পদোন্নতি বোর্ডের তালিকায় ‘ফ্যাসিস্টের দোসর’ ৭ শিক্ষক