হোম > শিক্ষা

ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির সতর্কতা জারি

আতিকুর রহমান নগরী

দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও সদ্য প্রণীত সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত)’ এবং সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিতে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ বর্তমানে কার্যকর রয়েছে। এসব বিধান অনুযায়ী উসকানিমূলক পোস্ট, গুজব ছড়ানো বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। এসব আচরণ শুধু পেশাগত শৃঙ্খলা ভঙ্গই নয়, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্দেশনায় আরও বলা হয়, মাউশির আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সাইবার সুরক্ষা অধ্যাদেশ কঠোরভাবে মেনে চলতে হবে।

বিশেষভাবে সাইবার অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বা কর্মকাণ্ড থেকে উদ্ভূত বিশৃঙ্খলার প্রেক্ষাপটেই এ বাড়তি সতর্কতা আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের প্রতিষ্ঠানের কেউ সাইবার অপরাধ বা আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে না পড়েন। মাউশি জানিয়েছে, এখন থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ডিজিটাল অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

এসআর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার