সম্প্রতি রাজশাহী ও চট্টগ্রামে বামপন্থীজোট গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ এনে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গনের রাজনীতি। একদিকে ছাত্রশিবির বাম সংগঠনগুলোর মিছিলে ‘সন্ত্রাসী স্লোগান’ দেওয়ার অভিযোগ তুলেছে। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে বামজোট এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডকে 'উগ্রবাদী ও গুপ্তচর রাজনীতির চর্চা' হিসেবে আখ্যা দিয়েছে।
গত ২৭ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারকে খালাস দেওয়ার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। অভিযোগ উঠেছে, ওই মিছিলে ‘শাহবাগ বিরোধী ঐক্য’ ব্যানারে ছাত্রশিবির একাধিকবার হামলা চালায়। আহত হন অনেক ছাত্রনেতা, যাদের মধ্যে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগর সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের এ্যানি চৌধুরী ও শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ।
পরদিন চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশেও একই ধরনের হামলার শিকার হন বামজোটের নেতাকর্মীরা। বিশেষ করে এক নারী নেত্রীকে পায়ের লাথি মারার ঘটনায় নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থী ও সচেতন মহল।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক বিবৃতিতে বলেন, “শিবিরের এই ন্যাক্কারজনক হামলা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। সন্ত্রাস-দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মুখপাত্র আশরেফা খাতুন বলেন, “ইসলামী ছাত্রশিবির এখন ভিন্নমত সহ্য করতে পারছে না। তারা গুপ্ত রাজনৈতিক চর্চা ও উগ্রতার মাধ্যমে ক্যাম্পাসকে অস্থির করে তুলছে।” তিনি বলেন, “শিবির এক সময় স্বৈরাচারী নিপীড়নের শিকার ছিল। এখন তারা নিজেরাই সেই ফ্যাসিবাদী পথে হাঁটছে।”
শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছদ্মনামে সংগঠন গড়ে সহিংসতার অভিযোগ তুলেছে বামজোট ও বাগছাস। তাঁরা প্রশাসনের কাছে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং শিক্ষাঙ্গনকে ‘উগ্রবাদমুক্ত’ রাখার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বাম সংগঠনগুলোর মিছিল থেকে 'শিবির তোমার মৃত্যু হবে' ধরনের স্লোগান দেওয়া হয়েছে, যা সন্ত্রাসকে উসকে দেয়। শিবিরের মতে, এটি আসন্ন ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ।