ইংরেজিতে দুর্বলতা সবার ক্ষেত্রে এক রকম নয়। কারো পড়তে ও লিখতে সমস্যা নেই, কিন্তু ইংরেজি শুনে বুঝতে কষ্ট হয়। আবার কেউ বুঝতে পারলেও কথা বলতে গিয়ে জড়তা অনুভব করেন। তাই প্রথমেই নিজের দুর্বলতার জায়গাটি চিহ্নিত করা জরুরি। লেকচার বুঝতে সমস্যা হলে নিয়মিত ইংরেজি বক্তৃতা, শিক্ষামূলক ভিডিও, পডকাস্ট কিংবা লেকচার শোনার অভ্যাস গড়ে তুলুন। শুরুতে ধীরে কথা বলা কনটেন্ট বেছে নিয়ে পরে স্বাভাবিক গতির ইংরেজিতে অভ্যস্ত হতে পারেন। একই বক্তব্য বারবার শুনে অপরিচিত শব্দ ও বাক্যাংশ নোট করলেও উপকার পাওয়া যাবে।
ভুল হলেও ইংরেজিতে কথা বলুন
ইংরেজি শেখার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিয়মিত কথা বলা। সহপাঠী, শিক্ষক কিংবা বন্ধুদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা ইংরেজিতে বলার চেষ্টা করুন। ভুল হবে—এটাই স্বাভাবিক। ভুলের ভয়েই যদি কথা বলা বন্ধ রাখেন, তাহলে জড়তা কখনোই কাটবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে অনেক শিক্ষার্থী ইংরেজি কথোপকথন বা ওরাল কমিউনিকেশন কোর্সের সুযোগ পান। তবে শুধু কোর্সের ওপর নির্ভর না করে প্রতিদিনের জীবনেও ইংরেজি ব্যবহারের অভ্যাস করতে হবে।
প্রতিদিন নতুন শব্দ শিখুন
শব্দভান্ডার সমৃদ্ধ না হলে ইংরেজি পড়া, লেখা কিংবা কথা বলা—কোনোটিই সহজ হয় না। তাই প্রতিদিন কয়েকটি নতুন শব্দ শেখার অভ্যাস করুন। একটি খাতায় শব্দ, অর্থ, সমার্থক শব্দ এবং একটি উদাহরণ বাক্য লিখে রাখতে পারেন।
শুধু অর্থ মুখস্থ না করে শব্দটি কোন বাক্যে কীভাবে ব্যবহৃত হয়, সেটিও শেখা জরুরি। পরে নিজের কথাবার্তা ও লেখায় নতুন শব্দ ব্যবহারের চেষ্টা করলে তা দীর্ঘদিন মনে থাকবে।
লেকচার শুনে গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখুন
ক্লাসে ইংরেজি লেকচার বুঝতে সমস্যা হলে প্রতিটি বাক্য হুবহু লেখার চেষ্টা না করে মূল বক্তব্য ধরার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ ধারণা, সূত্র, সংজ্ঞা ও অপরিচিত শব্দগুলো দ্রুত নোট করুন। প্রয়োজন হলে ক্লাসের পরে সেই শব্দগুলোর অর্থ খুঁজে নিয়ে আবার লেকচারের বিষয়টি পড়ুন।
প্রাথমিক পর্যায়ে লেকচারের মূল বক্তব্য বাংলায় লিখে রাখা যেতে পারে। তবে ধীরে ধীরে ইংরেজিতে ছোট ছোট নোট তৈরির অভ্যাস করা ভালো।