‘দল-দীপশিখা’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (আজ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রকাশনার মাধ্যমে ক্যাম্পাসভিত্তিক নতুন ধারার ছাত্ররাজনীতি, আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,“এই ম্যাগাজিনে আমরা শহীদ আবু সাঈদের পিতা, শহীদ ওয়াসিমের বোন ও শহীদ মুগ্ধর পিতাসহ জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের রূপরেখা তুলে ধরেছি। আন্দোলন কীভাবে সংগঠিত হয়েছে, তা একদম নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন,“ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন—ক্যাম্পাসে যারা একেবারে নতুন, যারা রানিং স্টুডেন্ট, তাদের সামনে রেখে ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করতে হবে।”
রাকিবুল ইসলাম রাকিব বলেন,“সেই ধারাবাহিকতায় আমরা ইতোমধ্যে নতুন ধারার ছাত্ররাজনীতি শুরু করেছি। বর্তমানে ১ হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, ভবিষ্যতে এই ম্যাগাজিনের ধারাবাহিকতা ও ক্যাম্পাসকেন্দ্রিক রাজনীতির পরিসর আরও বিস্তৃত হবে।”
ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন,“আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া–র হাতেই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করব। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় এবং পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি।”
নির্বাচন–পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,“আমরা হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু এটিও অনুধাবন করতে হবে—যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, তারাও যেভাবেই হোক ৩২ শতাংশ ভোট পেয়েছে। ফলে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও বিস্তৃত করতে ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“নির্বাচনে পরাজিত বা স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।