হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাদামাটা আয়োজনে শাবিপ্রবি দিবস পালন

প্রতিনিধি, শাবিপ্রবি

সাদামাটা আয়োজনে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলন, র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি সংক্ষিপ্ত র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই সময়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যাঁদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর যে পরিবর্তন এসেছে, তার ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সারিতে থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা, ভোট প্রদান এবং নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

তবে দিবসের আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহরিমা বর্ষা বলেন, ‘আয়োজনটি একেবারেই সাদামাটা। মনে হচ্ছে না আজ বিশ্ববিদ্যালয় দিবস।’ বিকেলে আরো কয়েকজন শিক্ষার্থী বলেন, একই দিনে পহেলা ফাল্গুন হওয়ায় বিশেষ দিন ভেবে ক্যাম্পাসে এলেও তেমন কোনো উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় সাজসজ্জা নিয়েও শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের দাবি, গোলচত্বর ছাড়া ক্যাম্পাসের অন্য কোথাও আলোকসজ্জা ছিল না। প্রশাসন চাইলে গ্রন্থাগার ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করতে পারত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ বলেন, “এ বছর উদযাপন কমিটি গঠনে দেরি হওয়ায় অন্যান্য বছরের মতো টি-শার্ট করা সম্ভব হয়নি। দিবস উদযাপনের জন্য এ বছর বাজেট ছিল এক লাখ টাকা। সে অনুযায়ীই আয়োজন করা হয়েছে।”

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

সারাদেশে বিএনপির হামলার প্রতিবাদে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

বিএনপির বিজয়ে জবিতে ইউট্যাবের দোয়া মাহফিল

বিএনপির বিজয়ে জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রাবি অধ্যাপককে অব্যাহতি

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

পদত্যাগ করেননি ঢাবি উপাচার্য, কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা

রাবিতে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিতর্কিত তিন প্রার্থীকেই নিয়োগ দিল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ