হোম > শিক্ষা > মাধ্যমিক

দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

স্টাফ রিপোর্টার

শিক্ষায় অনগ্রসর ও দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকার শিক্ষার প্রসারে প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণের দাবি জানিয়েছে ‘মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ’। একই সঙ্গে এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব পদে আত্মীকরণের মাধ্যমে চাকরির নিরাপত্তা ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি কামাল হোসেন বলেন, বিগত চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার উদ্যোগ ও সিদ্ধান্তে শিক্ষায় অনগ্রসর ‘আন্ডার-সার্ভড’ এলাকা হিসেবে চিহ্নিত দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেসিপ, এসইএসডিপি এবং এফএসএসএপি-২ প্রকল্পের আওতায় ধাপে ধাপে ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

তিনি বলেন, এসব বিদ্যালয় বর্তমানে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় এসব এলাকায় কিংবা আশপাশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় প্রাথমিক শিক্ষা শেষ করেই অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। বিশেষ করে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হতো। অনেক শিশু জীবিকার তাগিদে শিশুশ্রমে জড়িয়ে পড়ত। এসব বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এখন মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। পাশাপাশি বাল্যবিয়ে ও শিশুশ্রম কমাতেও বিদ্যালয়গুলো ইতিবাচক ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় প্রকল্প থেকে বহনের সিদ্ধান্ত ছিল। পরবর্তী সময়ে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্তৃত্বে ন্যস্ত হওয়ার কথা থাকলেও সেগুলো জাতীয়করণ না করে এমপিওভুক্ত করা হয়। ফলে বর্তমানে বিদ্যালয়গুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

বক্তারা বলেন, এসব বিদ্যালয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বিনা বেতনে পড়াশোনা করছে। অন্যদিকে শিক্ষক-কর্মচারীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তারা আরও বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে সরকারের নীতিমালা প্রণয়নের উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে যেসব শর্ত আরোপের কথা জানা যাচ্ছে, তা বিবেচনার সময় প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এসব বিদ্যালয়ের বিশেষ প্রেক্ষাপট ও উদ্দেশ্যকে গুরুত্ব দিতে হবে। কারণ, সাধারণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এসব বিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

নেতারা বলেন, এসব বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শিক্ষায় পিছিয়ে পড়া দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তাই গ্রাম ও শহরের মধ্যে শিক্ষাবৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় বিদ্যালয়গুলোকে বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলে অল্প ব্যয়ে দুর্গম চর, হাওর ও পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রকৃত সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও দূরদর্শী পদক্ষেপ হবে।

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি প্রকল্পভুক্ত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব পদে আত্মীকরণের মাধ্যমে তাঁদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা